suchandradas

A close-up image of a hand wearing an engagement ring, with colorful nail design, in sunlight.

একটু নির্ভরশীলতা থাক

স্বাবলম্বী হওয়া খুবই প্রয়োজন, কিন্তু স্বাবলম্বী হতে হতে আরেকজনের প্রয়োজন ফুরিয়ে গেলে তো মুশকিল ভায়া। আচ্ছা আপনার কি মনে হয়, মানুষকে পুরোপুরি স্বাবলম্বী করে ফেলা ভালো? একটু নাহয় গালভারী করবে, একটু দোষারোপ করবে, গুগল থাকলেও সব প্রশ্ন জিজ্ঞেশ করবে, ইংরাজি পারলেও জিজ্ঞেশ করবে “এই শুনছো, ইংরাজিতে এটা কি হবে বলো না…”। এগুলোর বড্ড দরকার। কারণ মানুষ যখন সব পারে, তখন সে আর কাউকে ডাকে না। জ্বর এলে নিজেই ওষুধ খায়, রাস্তা ভুল হলে গুগল ম্যাপ খুলে নেয়, ইংরাজি একটু অসুবিধা হলেও চ্যাট জিপিটি খুলে নেয়। তাহলে আর কার দরকার বলুন। অথচ এই ছোট ছোট দরকারটাই তো এতদিন জুড়ে রেখেছিল।

আমরা যাদের খুব ভালোবেসে শক্ত করে তুলতে চাই, তাদের ক্রমাগত বলতে থাকি নিজে করো, নিজে ভাবো নিজে সামলাও…. নিজে নিজে নিজে…. একদিন তারা সত্যিই সবটা নিজে করে নেয়, হঠাৎ করে ঋজু হয়ে দাঁড়িয়ে পড়ে, একদম সোজা। একদম একা। তারপর, তাদের আর আমাদের দরকার পড়ে না। তারা আর কিছু জিজ্ঞেস করে না। অপেক্ষা করে না। রাগ দেখায় না। অভিমান করে না। তারা বৃক্ষের মতো হয়ে যায়। হয়তো আমি ভুল। হয়তো পৃথিবী এখন এমনই, সবাইকে নিজের মতো বাঁচতে শিখতেই হবে।

তবু আমার মনে হয়,

একটু নির্ভরশীলতা থাক।

একটু অভিমান থাক।

একটু “তুমি বলো না” থাক।